রবিবার ৮ নভেম্বর ২০২৬ - ০০:২৫
নৌ অবরোধে ব্যর্থ হয়ে এবার স্থলপথে ইরানকে অবরুদ্ধের চেষ্টা যুক্তরাষ্ট্রের

হাওজা নিউজ এজেন্সি— সামরিক অভিযান ও নৌ অবরোধের মাধ্যমে ইরানকে নতিস্বীকারে বাধ্য করতে ব্যর্থ হওয়ার পর এবার দেশটির প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে স্থলপথে বাণিজ্য সীমিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইরানের স্থল সীমান্ত দিয়ে পণ্য পরিবহন নিয়ন্ত্রণে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শনিবার সেন্টকম জানায়, ইরানের স্থলপথ ব্যবহার করে উন্নত অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পরিবহন সীমিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সহায়তা করতে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।

‘আয়রন গেট’ নামের এই টাস্কফোর্সে প্রায় ২০ জন সামরিক ও বেসামরিক সদস্য থাকবেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় এর কার্যক্রম পরিচালিত হবে। ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর-সংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করাই হবে এর অন্যতম দায়িত্ব।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার শনিবার বলেন, ‘আয়রন গেট’ ইরানের ওপর মার্কিন নৌ অবরোধকে আরও জোরদার করবে। একই সঙ্গে সামরিক কার্যক্রমে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত পুনরায় পূরণের ক্ষেত্রে তেহরানের সক্ষমতা সীমিত করবে।

সেন্টকমের তথ্যমতে, অস্ত্র পরিবহনের পাশাপাশি দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের (বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য) চলাচল এবং অবৈধ অর্থের প্রবাহ নিয়ন্ত্রণের বিষয়েও কাজ করবে এই টাস্কফোর্স।

সামরিক অভিযান ব্যর্থ হওয়ার পর ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্যে দেশটির ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। কিন্তু সেই প্রচেষ্টাতেও ব্যর্থ হয়ে এবার স্থলপথে বাণিজ্য সীমিত করার মাধ্যমে তেহরানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের বিরুদ্ধে ইরানের প্রতিবেশী দেশগুলোর বিরোধিতা ও প্রতিবাদ দেখা দিয়েছে, যা ওয়াশিংটনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha